নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আধিকারিকদের বেতন দেওয়া হবে সরকারের এইচআরএমএস পোর্টালের মাধ্যমে। তবে এনিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক সংগঠনগুলির তরফে ব্যাপক বিরোধিতা শুরু হয়েছে। এই অবস্থায় বিষয়টি নিয়ে রেজিস্ট্রারদের পদক্ষেপ করতে চিঠি পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এইচআরএমএসের কাজ দ্রুত শেষ করার জন্য অর্থদপ্তরের দুই আধিকারিকের নম্বরও দিয়েছে তারা। যে কোনও সমস্যায় তাঁদের সাহায্য নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দু’সপ্তাহের মধ্যে কম্পায়েন্স রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে এটি কার্যকর হলে স্বাধিকার ক্ষুণ্ণ হবে বলেই বিভিন্ন সংগঠনের অভিযোগ। অধ্যাপক সংগঠন ওয়েবকুটা’র ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট কমিটি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এনিয়ে চিঠিও দিয়েছে। সরকারের বক্তব্য, এর ফলে স্বচ্ছতা এবং দ্রুততা আসবে।



