নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার অঙ্কুরহাটিতে। মৃত কিশোরের নাম আফাত মল্লিক (১৫)। ওই কিশোর ডোমজুড়ের কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের ভাইপো বলে জানা গিয়েছে। বাকি দুই বাইক আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ অঙ্কুরহাটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। কোলোরার বাসিন্দা আফাত তার দুই বন্ধুকে নিয়ে একটি বাইকে চেপে জাতীয় সড়ক ধরে দ্রুতবেগে যাচ্ছিল। আচমকাই পিছন থেকে একটি চারচাকার গাড়ি বেপরোয়া গতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনজন রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আফাতকে মৃত বলে ঘোষণা করেন। তার দুই বন্ধুর চিকিৎসা চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধাক্কা মারার পর ঘাতক গাড়িটি অবশ্য পালিয়ে গিয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। মৃত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই কিশোরের পরিবারে শোকের ছায়া নেমেছে। কিশোরের কাকা কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান নিসারুদ্দিন লস্কর বলেন, ‘আমার ভাইপো মাদ্রাসায় পড়াশোনা করত। মেধাবী ছাত্র ছিল সে। কিছু জিনিস আনতে পাড়ার বন্ধুদের সঙ্গে অঙ্কুরহাটিতে যাচ্ছিল।’



