নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (স্যার) ইস্যুতে নির্বাচন কমিশনের উপর চাপ ক্রমশ বাড়ছে। ভোটার তালিকা শুদ্ধকরণের নামে নির্বাচন কমিশনের উদ্যেগের বিরোধিতায় সুপ্রিম কোর্টে জমা পড়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে ১০ জুলাই। শুনবে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ। এদিন সকালে কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, গোপালশঙ্কর নারায়নের মতো দুঁদে আইনজীবীরা ‘স্যার’ ইস্যুতে দ্রুত শুনানির আবেদন করেন। তখনই আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার শুনানি হবে।
বিরোধীরা প্রবল চেষ্টা করছে, যাতে ওইদিনই স্যার কর্মসূচির ওপর স্থগিতাদেশ আদায় করা যায়। আবার নির্বাচন কমিশনও চেষ্টা চালাচ্ছে, কী করে দ্রুত ইনিউমারেশন ফর্ম ফিলাপ করানো যায়। সোমবার পর্যন্ত মোট ভোটারের ৩৬.৪৭ শতাংশ ফর্ম ফিলাপ হয়েছে। আগামী ২৫ জুলাই ফর্ম জমা দেওয়ার শেষদিন। তাই কমিশনের এখন দ্বিমুখী কাজ। প্রথমত, দ্রুত ফর্ম ফিলাপ শেষ করা আর দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে স্থগিতাদেশ রোখা।
কমিশন মনে করছে, ১০ জুলাই শুনানি হলেও সেদিনই কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। বিবাদী হিসেবে কমিশনের বক্তব্য জানতে নোটিস ইস্যু করবে। আর সেই জবাব দেওয়ার আগেই যাতে ইনিউমারেশন ফর্ম ফিলাপ হয়ে যায়, সেটাই লক্ষ্য কমিশনের। বিহারে ভোটার সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ৮৪৪। ভোটার তালিকা শুদ্ধকরণ প্রক্রিয়ায় প্রত্যেককেই ইনিউমারেশন ফর্ম ভরতে হবে। ২০০৩ সালের তালিকায় যে ৪ কোটি ৯৬ লক্ষের নাম রয়েছে, তাদের নতুন করে কোনও নথি দিতে হবে না। কিন্তু বাকিদের দিতে হবে। -ফাইল চিত্র