নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্থান হয়েছিল যত দ্রুত গতিতে, গত দিন তিনেক সোনা ও রুপোর দামে পতনও হচ্ছে প্রায় সেই হারে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা। ধাপে ধাপে দাম কমে ২ ফেব্রুয়ারি তা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩০০ টাকায়। সোমবার ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দর কমে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। ২৯ জানুয়ারি যা ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা। দামের পতনে আরও এগিয়ে রয়েছে রুপো! ২৯ জানুয়ারি কলকাতায় সোনার সঙ্গেই রেকর্ড করেছিল রুপোর দর। সেদিন এক কেজি খুচরো রুপোর দাম ছিল ৩ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা। সোমবার তা নেমে এসেছে ২ লক্ষ ৪৫ হাজার ৯০০ টাকায়। অর্থাৎ তিন দিনে রুপোর দাম কমেছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।



