Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাষণে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরলেন রাজ্যপাল বোস

ভাষণে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরলেন রাজ্যপাল বোস
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সূচনার ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না-পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু হটে যায়নি। রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থে ‘কর্মশ্রী’ ও ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যপালের ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। ভাষণের প্রথম দিকের কিছুটা বাংলায় পাঠ করেন আনন্দ বোস। রাজ্যপালের ভাষণ পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়। 
Advertisement
বিরোধী বিজেপি বিধায়করা প্রতিবাদ, বিক্ষোভ না দেখিয়ে গেরুয়া উত্তরীয় পড়ে শান্তিপূর্ণভাবে বসে ভাষণ শোনেন। তবে ভাষণের কয়েকটি বিষয়ে আপত্তি তোলেন বিরোধী দলনেতা এবং অন্য এক বিজেপি বিধায়ক। ওই বিজেপি বিধায়ক উঠে দাঁড়িয়ে বেশি সময় ধরে আপত্তি জানানোয় একসময় তাঁকে থেমে যাওয়ার জন্যই ইঙ্গিত করেন বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের পর জাতীয় সঙ্গীত শেষ হ঩তেই অবশ্য বিরোধী এবং শাসক দলের বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। তখন পাল্টা স্লোগান দেন তৃণমূল বিধায়করা। এর মধ্যেই অধিবেশন কক্ষ ছেড়ে যান রাজ্যপাল। 
এই নিয়ে দ্বিতীয় বার, বছরের প্রথম বাজেট অধিবেশন সূচনার প্রথামাফিক ভাষণ দিলেন বোস। বিধানসভা প্রাঙ্গণে পৌঁছতেই তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার সচিব সুকুমার রায় তাঁকে স্বাগত জানান। তারপর প্রথা অনুযায়ী তাঁরা একসঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
রাজ্যপালের ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের কথা তথ্য-পরিসংখ্যানসহকারে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ভাষণ শুরুর দিকে সদ্যসমাপ্ত অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। মোট ২১২টি সমঝোতাপত্র ও অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগ প্রস্তাব এসেছে মোট ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার। রাজ্যপাল জানান, রাজ্যে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। রাজ্যে সব উৎসবই পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে এবং যথাযথ মর্যাদার সঙ্গেই। 
এদিকে, বিরোধী বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভার লবিতে জানানো হয়, রাজ্য সরকারের তৈরি করা ভাষণ পাঠ করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় চালু করা হচ্ছে না। এটা হলে আরও অনেক মানুষ উপকৃত হতেন। রাজ্যপালের ভাষণে ‘জল স্বপ্ন’ প্রকল্প উল্লেখ করায় সভার মধ্যে আপত্তি তোলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের উপর আগামী ১৩ ও ১৭ ফেব্রুয়ারি বিধানসভায় আলোচনা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ