নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার সাত সকালে আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে হাওড়ার বাঁকড়ার একটি চটের বস্তা তৈরির কারখানা। কারখানার মেশিন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে দমকল সূত্রে খবর।
Advertisement
জানা গিয়েছে, বাঁকড়ার ঝিলপাড় এলাকার ওই কারখানাটিতে নতুন চটের বস্তা তৈরি করে বিভিন্ন হাটে সরবরাহ করা হতো। ১০০ জনেরও বেশি শ্রমিক কাজ করেন সেখানে। অন্যান্য দিনের মতো এদিন সকালেও কাজ শুরু করেন কর্মীরা। শ্রমিকরা জানান, কারখানার একটি মেশিন চালু করতেই হঠাৎ সেখান থেকে আগুনের ফুলকি ছিটতে শুরু করে। ভিতরে প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। আতঙ্কে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের ভিতরে ঢুকে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। দমকলের তিনটি ইঞ্জিন এলেও তাতে কাজ না হওয়ায় পরে পাম্প চালু করে হোসপাইপের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। যদি অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে দমকল। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ‘ওই কারখানাটিতে অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থাই ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



