Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভরা বাজারে মহিলার হার ছিনতাই, শূন্যে গুলি ছুড়ে চম্পট দুই দুষ্কৃতীর   

ভরা বাজারে মহিলার হার ছিনতাই, শূন্যে গুলি ছুড়ে চম্পট দুই দুষ্কৃতীর 
 
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি,বরানগর: জনবহুল বাজারের মধ্যেই এক মহিলার হার ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল দুই দুষ্কৃতী। স্থানীয়রা তাদের তাড়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে যায় দুষ্কৃতীরা। ধরা পড়ার ভয়ে ভরা বাজারেই শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। রবিবার রাতে বেলঘরিয়া থানা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, অভিযুক্ত দুই দুষ্কৃতী বিটি রোডের রথতলার দিকে চম্পট দিয়েছে। এর পরেই বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত আটটা নাগাদ আড়িয়াদহ কালাচাঁদ বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন দেবশ্রী রায়। আচমকা বাইক চেপে আসা দুই যুবক ওই প্রৌঢ়ার গলার সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়। মহিলার চিৎকারে স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে। ফিডার রোড ধরে পালানোর সময় বেলঘরিয়া কোয়ার্টার বাজার ও রামকৃষ্ণ পল্লির সংযোগস্থলে সিপিএম পার্টি অফিসের সামনে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যায়। ধরা পড়ার ভয়ে এক দুষ্কৃতী কোমর থেকে পিস্তল বের করে গুলি চালায়। এরপর কোয়ার্টার বাজারের এলাকায় গিয়ে আরও এক রাউন্ড গুলি চালায়। যদিও পুলিস জানিয়েছে, দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে। রাত আটটা নাগাদ জনবহুল এলাকায় এভাবে গুলি চালানোর ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
সম্পর্কিত সংবাদ