সংবাদদাতা, লালবাগ: কেন্দ্রীয় ও রাজ্য কোনও সরকারই নদী ভাঙন রোধে কাজ করে না। তাই ফি বছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে জেলার মানুষ। বৃহস্পতিবার বিকেলে ভগবানগোলা-২ ব্লকের আখেরিগঞ্জের শিবনগর হাটের মাঠে কর্মী সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দেশ গঠনে কংগ্রেস জনগণের কল্যাণে কাজ করে বলে তিনি দাবি করেন।
Advertisement
গত লোকসভা নির্বাচনে এই জেলায় ভরাডুবির পর কংগ্রেস নেতা-কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। জেলাজুড়ে নেতা ও কর্মীরা শাসক দলে নাম লেখাতে শুরু করেন। এই সঙ্কটে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে কর্মী সম্মেলন করছে কংগ্রেস। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্লকে সম্মেলন হয়েছে। এদিন পদ্মা ভাঙন বিধ্বস্ত আখেরিগঞ্জের শিবনগর হাটের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে ভগবানগোলা-২ ব্লক কংগ্রেস নেতৃত্ব। অধীর চৌধুরী বলেন, নদী ভাঙনকে কেন্দ্রের কংগ্রেস সরকার জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছিল। ফলে ভাঙন রোধে তখন কাজ হতো। কিন্তু নদী ভাঙন নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই।



