Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিন রাজ্যের ২ যুবককে গাড়িতে তুলে টাকা আদায়ের অভিযোগ

ভিন রাজ্যের ২ যুবককে গাড়িতে তুলে টাকা আদায়ের অভিযোগ
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল ভেঙে দিয়েছে। এই অভিযোগে রাঁচি থেকে আসা দুই যুবককে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকার বাজে কদমতলা ঘাটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাঁচির দুই যুবক এদিন সকালে বাবুঘাটে বাস থেকে নামেন। সেখানে তাঁরা যখন রাস্তায় অপেক্ষা করছিলেন, সেই সময় দুই দুষ্কৃতী এসে ঘিরে ধরে। কোনও কারণ ছাড়াই তর্ক জুড়ে দেয় তারা। আচমকা এক অভিযুক্ত দাবি করে, কথা বলার সময় তার মোবাইল ভেঙে দিয়েছে রাঁচি থেকে আসা দুই যুবক। এই বলে তারা ২৫ হাজার টাকা দাবি করে। ওই দুই যুবক আকাশ থেকে পড়েন। তাঁরা স্পষ্টই জানিয়ে দেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। অভিযোগ, এরপর ওই দুই যুবককে একটি গাড়িতে তুলে মোবাইল সারানোর নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। জোর করে তাঁদের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগ। শেষে দু’জনকে বাবুঘাটে ছেড়ে দিয়ে যায়। 
রাঁচির দুই বাসিন্দা উত্তর বন্দর থানায় অভিযোগ করলে পুলিস তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, বাবুঘাটের এই এলাকা দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ভিন রাজ্যের লোক দেখলেই ভয় দেখিয়ে মোবাইল, টাকা আদায় করা হচ্ছে। পুলিস বিষয়টি জানলেও এ নিয়ে নীবর। যদিও পুলিসের দাবি, অভিযোগ পেলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। ওই এলাকায় সব সময় টহলদারি চলে।
সম্পর্কিত সংবাদ