Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহালা-ঠাকুরপুকুরে ভূগর্ভস্থ নিকাশি

বেহালা-ঠাকুরপুকুরে ভূগর্ভস্থ নিকাশি
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালা, ঠাকুরপুকুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বড় রাস্তায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরির কাজ করেছে কলকাতা পুরসভার আওতাধীন কেইআইআইপি। মূলত ওই অঞ্চলের (১১৫ ও ১২২ নম্বর ওয়ার্ড) গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নীচে বসে গিয়েছে পাইপলাইন। এবার ওয়ার্ডগুলির ছোট-বড় গলিপথেও ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা তৈরির কাজে হাত দিতে চলেছে পুরসভার নিকাশি বিভাগ। সম্প্রতি পুরসভায় মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই কাজে বরাদ্দ প্রায় ৪৩ কোটি টাকা।
Advertisement
১১৫ ও ১২২ নম্বর ওয়ার্ডের মহাত্মা গান্ধী রোড, মতিলাল গুপ্ত রোড, সোদপুর রোড, সোদপুর ব্রিকফিল্ড রোড, ওস্তাদ আমির খান সরণি, কেকে রোড সহ বিভিন্ন বাইলেনগুলিতে পাইপলাইন বসানোর কাজ হবে। ওখানে কেইআইআইপি’র কাজ হয়ে গিয়েছে। বিভিন্ন ছোট রাস্তায় ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কাজ এখনও বাকি। এবার সে কাজ করার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। মনে করা হচ্ছে, জানুয়ারির মধ্যেই শুরু হবে। গলিপথের নালা কেইআইআইপি’র তৈরি মূল রাস্তার নিকাশি নালার সঙ্গে যুক্ত হবে। গড়ে উঠবে বাড়ি বাড়ি নিকাশি সংযোগ। ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও ১৩ নম্বর বরোর চেয়ারম্যান রত্না শূর বলেন, ‘এই ওয়ার্ড ও ১২২ নম্বর ওয়ার্ডের সীমানায় মহাত্মা গান্ধী রোড, মতিলাল গুপ্ত রোড। সেখানকার বাইলেনগুলিতে আন্ডারগ্রাউন্ড নিকাশি ব্যবস্থার কাজ হবে। তাহলে গোটা ওয়ার্ডে আর কোথাও খোলা নর্দমা থাকবে না।’ ১২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমা চক্রবর্তী বলেন, ‘এই ওয়ার্ডের কোথাও আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল না। ২০১০ সাল থেকে এলাকা ধরে বিভিন্ন বড় রাস্তায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হয়েছে। এবার বাইলেনগুলিতে আন্ডারগ্রাউন্ড নালা হবে। অনুমোদন মিলেছে। দ্রুত কাজ শুরু হবে। আর কোথাও খোলা নর্দমা থাকবে না। জল জমার ভোগান্তিও মিটবে।’
সম্পর্কিত সংবাদ