Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল রাস্তাতেই পাইপের কাজ, মেরামতির দাবিতে অবরোধ সাঁকরাইলে

বেহাল রাস্তাতেই পাইপের কাজ, মেরামতির দাবিতে অবরোধ সাঁকরাইলে
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বছরের পর বছর ধরে রাস্তার বেহাল দশা। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো সেই রাস্তাতেই আবার জলের পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছে। ফলে ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তার বেশিরভাগ অংশই এখন যাতায়াতের অযোগ্য। সাঁকরাইল রেল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত রাস্তায় রোজ কয়েক হাজার লোক যাতায়াত করে। রাস্তাটি সারাইয়ের দাবি তুলে বুধবার স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিক্ষোভে নামেন সিপিএমের সাঁকরাইল দক্ষিণ এরিয়া কমিটির কর্মী, সমর্থকরা। 
Advertisement
সারেঙ্গা, মানিকপুর সহ প্রায় চারটি পঞ্চায়েত এলাকার কয়েক লক্ষ বাসিন্দার কাছে সাঁকরাইল রেল স্টেশন ছাড়াও হাওড়া ও কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। ছ’ কিলোমিটার দীর্ঘ রাস্তা অনেকদিন ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে বছর দুয়েক আগে পিএইচইর তরফে পাইপলাইন বসানোর জন্য রাস্তার বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি হয়। এরপর থেকেই ওই রাস্তা যেন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে। কয়েকটি রুটের অটো ছাড়াও রোজ প্রচুর সংখ্যায় ছোট পণ্যবাহী গাড়ি, মোটরভ্যান চলাচল করে রাস্তাটি দিয়ে। সিপিএমের সাঁকরাইল দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সমীর মালিক বলেন, নিত্যযাত্রীদের সমস্যা তো রয়েইছে। অসুস্থ মানুষজনকে চিকিৎসার জন্যে সাঁকরাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়াই এখন দায় হয়ে উঠেছে। স্কুলে যেতেও সমস্যা হচ্ছে পড়ুয়াদের।
দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলে বুধবার তিনপাটকি পোল এলাকায় প্রায় ৪৫ মিনিট ধরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পথ অবরোধ করে বামেরা। সাঁকরাইল থানার পুলিস এসে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। পরে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয় ওই রাস্তায়। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষাকালে এই রাস্তায় প্রায় হাঁটুসমান কাদা থাকে। শীতের সময়ে ধুলোর দাপটে থাকা যাচ্ছে না।
পিএইচই দপ্তরের এক আধিকারিক বলেন, পাইপলাইনের একটি অংশের কাজ এখনও বাকি রয়েছে। সেজন্য রেলের অনুমতি প্রয়োজন। সেই কাজ মিটলেই পুরো রাস্তাটির সংস্কার করা হবে।
সম্পর্কিত সংবাদ