সংবাদদাতা, লালবাগ: রবিবার ভোরে ভগবানগোলা থানার লালগোলা-ভগবানগোলা রাজ্য সড়কে শ্যামপুর নতুনপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পঞ্চায়েত কর্মীর। পুলিস জানিয়েছে, মৃতের নাম জাকির হোসেন(৫৪)। বাড়ি ভগবানগোলা থানার হরিরায়ের চকে। তিনি ভগবানগোলা-১ ব্লকের হাবাসপুর পঞ্চায়েতে কর্মরত ছিলেন। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মৃত পঞ্চায়েত কর্মী প্রতিবেশী মাজিরুল শেখের সঙ্গে লালগোলার রামচন্দ্রপুর ফকিরপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রবিবার ভোরে দু’জনে সাইকেলে করে লালগোলা থেকে বাড়ি ফিরছিলেন। শ্যামপুর নতুনপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান সামনাসামনি এসে ধাক্কা মারলে ওই প্রৌঢ় সাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে তড়িঘড়ি কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাজিরুল শেখ বলেন, আমি সাইকেল নিয়ে পিছনে আসছিলাম। জাকির সাহেব কিছুটা আগে ছিলেন। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁর সাইকেলে ধাক্কা মারে। বেশকিছুটা দূরে রাস্তার উপর ছিটকে পড়লে তিনি গুরুতর জখম হন। স্থানীয়দের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ঘটনার পর ঘাতক গাড়িটি চম্পট দেয়। গাড়ি ও চালকের খোঁজ চলছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



