নিস (ফ্রান্স): ভারতীয় স্টার্টআপগুলির সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করতে সূচনা হল ভারত ইনোভেটস ২০২৬-এর। রবিবার ফ্রান্সের নিস শহরে যৌথভাবে এই উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এই অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, দীর্ঘসময় ধরে নয়া উদ্ভাবনের ক্ষেত্রে ভারত-ফ্রান্স একসঙ্গে কাজ করছে। এবার ভারতের প্রতিশ্রুতিমান স্টার্টআপগুলির সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের যোগাযোগ করিয়ে দেবে ভারত ইনোভেটস ২০২৬। আজ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি, ভারত ও ইউরোপের ইনোভেশন ইকোসিস্টেমের মধ্যে একটি সেতু তৈরি হল। এতে ভারতে যুব প্রতিভাবানরা ইউরোপীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজের সুযোগ পাবে। ম্যাক্রঁ বলেন, ভারত নতুন বিষয় উদ্ভাবন করছে, এটা আর আলোচনা বিষয় নয়। চর্চা হল, এই যাত্রায় কে ভারতের সঙ্গী হচ্ছে।



