নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি দিয়ে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে রাজ্য দুনীর্তি দমন শাখা রবিবার মালদহের গাজল থেকে অভিযুক্ত ইমারতি দ্রব্য সরবরাহকারীকে গ্রেপ্তার করে। নাম রিন্টুকুমার সাহা। বাড়ি গাজল। সোমবার তাকে কলকাতা নগর দায়রার বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। কলকাতা বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, ধৃত অভিযুক্ত একাধিক সরকারি প্রকল্পের কাজে ইমারতি দ্রব্য সরবরাহ কাজে যুক্ত ছিল। কিন্তু অভিযোগ ওঠে, বেশ কিছু প্রকল্পে ইমারতি দ্রব্য সরবরাহ না করে ভুয়ো বিল দিয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তার বাড়ি থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। তা খতিয়ে দেখা হচ্ছে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এর আগে আরও দু’জন গ্রেপ্তার হয়েছিল। ধৃত রিন্টু আদালতে আগাম জামিনের আর্জি জানায়। কিন্তু তা খারিজ হতেই সে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে দুনীর্তি দমন শাখার অফিসাররা সংশ্লিষ্ট থানার পুলিসের সহযোগিতায় তাকে রবিবার গ্রেপ্তার করে। এদিন তদন্তকারী অফিসার আদালতে বলেন, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন মামলার অগ্রগতির বিষয়টি কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে কেস‑ডায়েরি পেশ করা হয়।



