সংবাদদাতা, কাকদ্বীপ: বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবীর পরিবারের হাতে তুলে দেওয়া হল আর্থিক অনুদান। রবিবার পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জ অফিসের উদ্যোগে বিধায়ক সমীরকুমার জানা মৃত মৎস্যজীবী অন্বেশ্বর ফকিরের স্ত্রী ভগবতী ফকিরের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। ২০২৩ সালের জুলাই মাসে নামখানার নারায়ণপুরের বাসিন্দা অন্বেশ্বর তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে কলস দ্বীপের চুলকাঠি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু রাতে হঠাৎই একটি বাঘ নৌকায় অন্বেশ্বরের উপর ঝাপিয়ে পড়ে। তাঁকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বনদপ্তরের কর্মীরা অন্বেশ্বরের মৃতদেহ উদ্ধার করেন। নিহত ওই মৎস্যজীবীর স্ত্রী ও তিন সন্তান বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন তাঁর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল ও রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন।



