নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হলেন এক মৎস্যজীবী। তাঁর নাম কালীপদ মণ্ডল, বাড়ি সুন্দরবন উপকূলীয় থানার ছোট মোল্লাখালি এলাকায়। পুলিস সূত্রে খবর, বুধবার তিনজন মৎস্যজীবীর একটি দল সুন্দরবনের চামটার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল। এরপর শুক্রবার আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে তাঁদের আক্রমণ করে। সামনে কালীপদ ছিলেন। তাঁর হাতেই থাবা দেয় দক্ষিণরায়। বুকে আঁচড়ে দেয়। অন্য সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে মুক্ত করেন। বাধা পেয়ে জঙ্গলে ফিরে যায় বাঘ। এরপর আহত মৎস্যজীবীকে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।



