নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি এবং দু’জন রোহিঙ্গা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ তাদের মতলব ব্যর্থ করে এবং বাংলাদেশেই ফেরত পাঠায়। তারা মূলত পরিচারিকা ও শ্রমিকের কাজের জন্য মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ প্রভৃতি শহরে যাওয়ার চেষ্টায় ছিল বলে বিএসএফের সন্দেহ। এই বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক দাবি করেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে বিএসএফ জওয়ানরা কঠোর ব্যবস্থা নিচ্ছেন। উল্লেখ্য, অশান্ত বাংলাদেশ। তাই দু’দেশের কাঁটাতারহীন সীমান্তে আগের তুলনায় অনুপ্রবেশ কিছুটা হলেও বাড়ছে। তবে তা রুখতেও তৎপর বিএসএফ। সেইমতোই এদিন উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের বড় ধরনের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ।



