Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টটেনহ্যামের শিবিরে বেঙ্গালুরুর ফুটবলাররা

টটেনহ্যাম হটস্পারে প্রশিক্ষণ নিল বেঙ্গালুরুর একঝাঁক ফুটবলার। ২০২৩ সালের নভেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছিল কিকস্টার্ট এফসি’র।

টটেনহ্যামের শিবিরে বেঙ্গালুরুর ফুটবলাররা
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: টটেনহ্যাম হটস্পারে প্রশিক্ষণ নিল বেঙ্গালুরুর একঝাঁক ফুটবলার। ২০২৩ সালের নভেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছিল কিকস্টার্ট এফসি’র। টটেনহ্যামের কিংবদন্তি লেডলি কিং এবং ওসি আর্দিলেসের বেঙ্গালুরু সফরের সময় স্বাক্ষরিত সেই উন্নয়নমূলক চুক্তির অংশ হিসেবেই বেঙ্গালুরুর প্রতিভাবান তরুণদের ইংল্যান্ডে আসা। লন্ডনে সপ্তাহব্যাপী কর্মসূচিতে টটেনহ্যামের গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেয় কিকস্টার্ট খেলোয়াড়রা। পাশাপাশি হয়েছে তাদের স্বাস্থ্য ও পুষ্টি বিকাশের কর্মশালা। একই সঙ্গে দলটি স্থানীয় দলের বিরুদ্ধে ম্যাচও খেলেছে তারা। প্রশিক্ষণ সফরে আসা ১৬ বছরের বিবেক কিছুদিনের মধ্যেই আমেরিকায় কলেজ ফুটবল ট্রায়ালে যোগ দেবে। তার কথায়, ‘১১ বছর বয়সে আমি ফুটবল খেলতে শুরু করি। গত কয়েক বছর কিকস্টার্টের হয়ে খেলছি। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তি আমাদের সামনে মস্ত বড় সুযোগ এনে দিয়েছে। আর তা কাজে লাগিয়ে বড় ফুটবলার হয়ে উঠতে চাই।’

Advertisement

কিকস্টার্টের সঙ্গে চুক্তি প্রসঙ্গে টটেনহ্যামের প্রাক্তন ফুটবলার লেডলি কিং বলেন, ‘প্রথমবার বেঙ্গালুরুতে গিয়ে বুঝেছিলাম, ফুটবলারদের উন্নয়নে এই দলটা কতখানি সিরিয়াস। ওদের সঙ্গে চুক্তি করে আমরা খুশি। প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজনের প্রতিভা নজর কাড়ল। আমি নিশ্চিত, এই বিশ্বমানের সুবিধা ও আমাদের কোচদের সঙ্গে কাজ করে ওরা নতুন উচ্চতায় পৌঁছবে।’ টটেনহ্যাম হটস্পারের গ্লোবাল কোচিং প্রধান ড্যানি মিচেল বলেন, ‘আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে কিকস্টার্ট এফসির প্রতিনিধিদের আগমনে আমরা খুশি।’ কিকস্টার্ট এফসির সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা লক্ষ্মণ ভট্টরাই বলেন, ‘টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তিতে আমরা দারুণ উপকৃত। এই কর্মসূচি ভারতীয় ফুটবলকেও সমৃদ্ধ করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ