বেঙ্গালুরু: আরসিবির বিজয়োৎসবে বিপর্যয় নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। মর্মান্তিক দুর্ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমারের ইস্তফার দাবি জানিয়েছে তারা। বিজেপি সাংসদ তথা জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, সিদ্ধারামাইয়া ও শিবকুমারের মধ্যে লড়াই ও সংঘাত চলছে। তা সামাল দিতে সরকারই পদপৃষ্টের ঘটনা ঘটিয়েছে। ওই দু’জনের ফটোসেশনের জন্যই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ১২ ঘণ্টার মধ্যে বিজয়োৎসব আয়োজন করা হয়েছিল। আয়োজক ও পুলিসের মধ্যে কোনও বোঝাপড়া ছিল না। এত বড় দুর্ঘটনার পরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও নিশানা করেছেন সম্বিত। তাঁর বক্তব্য, এই ইস্যুতে নীরব না থেকে সিদ্ধারামাইয়া ও শিবকুমারকে ইস্তফা দিতে নির্দেশ দিন রাহুল। মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কর্ণাটক বিজেপির মুখপাত্র প্রকাশ এস-ও। তাঁর অভিযোগ, পদপৃষ্টের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়ার পরও মুখ্যমন্ত্রী হাসপাতালে যাননি। একটি হোটেলে বসে বাদাম হালুয়া, ধোসা খেয়েছেন। এই ধরনের কাজকর্ম একজন সোশালিস্ট মুখ্যমন্ত্রীকে মানায় না। গেরুয়া শিবিরের অভিযোগ, স্টেডিয়ামের বাইরে বিপর্যয়ের খবর পেয়েও উৎসব বন্ধ করেনি কংগ্রেস সরকার। হতাহতদের পরিবারের পাশে না দাঁড়িয়ে ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন নেতা-মন্ত্রীরা।



