বেঙ্গালুরু, ১৬ মার্চ: হোলিতে আকণ্ঠ মদ্যপান করে চলছিল ফূর্তি। আচমকাই সেই পরিস্থিতি বদলে গেল। হইহুল্লোরের পরিবেশে ঘটে গেল খুনের ঘটনা। মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শহরতলিতে। বেঙ্গালুরুর আনেকলে একটি নির্মীয়মাণ বহুতলের মধ্যেই হোলি উৎসব পালন করছিলেন ছয় শ্রমিক। সূত্রের খবর, তারা ওই নির্মীয়মাণ বহুতলেই নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
তাদের বাড়ি বিহারে। মদ্যপান করার সময়ে এক মহিলার বিরুদ্ধে কুকথা বলায় আচমকাই ঝগড়া শুরু হয় ছয়’জনের মধ্যে। প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। এমনকী একে ওপরকে লাঠি ও রড দিয়ে পেটাতে থাকে ওই শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সেখানে গিয়েই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একজনকে জখম অবস্থাতেও উদ্ধার করে পুলিস। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানতে পেরেছে পুলিস। তারা হলেন, অনসু (২২) ও রাধেশ্যাম (২৩)।