


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আজ, শুক্রবার সাক্ষাৎ করতে পারেন বাংলার চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার দিল্লিতে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র পক্ষ থেকে একথা জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রক থেকে এই
ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ অবস্থান করছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক, শিক্ষিকারা। আজ, শুক্রবার তাঁদের কর্মসূচি শেষ হবে। এদিন তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছে। পাশাপাশি, সাংসদ শারদ পাওয়ারের সঙ্গেও দেখা করেছেন তাঁরা। যদিও এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে কি না, সেই ব্যাপারে রীতিমতো সন্দিহান চাকরিহারারা। একইসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎপ্রার্থী ‘যোগ্য’ চাকরিহারারা।