নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্দেশ্য শুধু পর্বতারোহণ নয়, তার সঙ্গে স্থানীয় জীববৈচিত্র্য, হিমবাহ, পাহাড়, জলবায়ু নিয়ে বিশ্লেষণ ও গবেষণাও করা হবে। এমনই উদ্যোগ নিয়েছেন একদল বাঙালি পর্বতারোহী। বুধবার কলকাতার প্রেস ক্লাবে তাঁরা সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। আগামী ২৬ জুলাই ১১ জন লাদাখের পথে পাড়ি দেবেন। তারপর সেই এলাকাতেই থাকবেন একমাস। গবেষণার পাশাপাশি তাঁরা বেশ কয়েকটি শৃঙ্গ জয় করবেন বলে জানানো হয়েছে।
যেহেতু গবেষণা চলবে তাই পর্বতারোহীদের সঙ্গে বিজ্ঞানীরা, অধ্যাপক, শিক্ষাবিদরাও যাবেন এই অভিযানে। লাদাখ অঞ্চলের সো মোরিরি সংলগ্ন কোরজাক ফু-তে বেস ক্যাম্প তৈরি করা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের বিভাগীয় প্রধান পুনর্বসু চৌধুরী, ইন্ডিয়ান মিউজিয়ামের ইন্ডাস্ট্রিয়াল সেকশনের ডিরেক্টর মানস ভৌমিক সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা এই অভিযানে থাকবেন। পর্বতারোহী দেবাশিস বিশ্বাস বলছিলেন, ‘আমরা একমাস লাদাখের ওই এলাকায় থাকব। অন্যান্য ক্ষেত্রের মানুষরা হয়তো অত দিন থাকতে পারবেন না। আমরা কোরজাক ফুতে বেস ক্যাম্প তৈরি করছি। তারপর দুই দলে ভাগ হয়ে যাব। কেউ শৃঙ্গ জয়ে যাবেন। কেউ গবেষণার কাজ শুরু করবেন।’
এমনকী, পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অভিযানে যোগ দেওয়ার জন্য। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, ওই এলাকার চাষবাস, জল, নদী, হ্রদ, হিমাবাহ, পাহাড়, জলবায়ু সংক্রান্ত গবেষণা করা হবে। এর পাশাপাশি চলবে পর্যবেক্ষণও।