নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ভাষার সমকালীন প্রসার ও সংরক্ষণে বিশেষ পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলা ভাষায় চিঠি লিখে নিজের সেই মনোবাসনার কথাই জানিয়েছেন স্বয়ং শাহ। রবিবার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দের জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানেই শাহের এই চিঠির কথা জানান শুভেন্দু। তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বাংলায় লেখা একটি চিঠি দিয়েছেন। তাতে আমাদের মাতৃভাষার সার্বিক উন্নয়নে তাঁর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। বিধানসভা অধিবেশন চলছে। তাই এখানে কিছু বলব না। সোমবার সকালে বিধানসভায় বাংলা ভাষা নিয়ে কিছু নতুন ঘোষণা করব। পরে ভাষণে অমিত শাহ নিজের চিঠির প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, আশা করব শুভেন্দু ভাই আমার উল্লেখিত বিষয়টি নিয়ে যত্নবান হবেন।
এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ৯টি গ্যালারি সমৃদ্ধ ‘শব্দ জাদুঘর’-এর সূচনা হয়। তা দেখে মুগ্ধ শাহ। তিনি বলেন, আমার জন্য এই গ্যালারি পরিদর্শনে ৫ মিনিট বরাদ্দ করা হয়েছিল। আমি ২৮ মিনিট ঘুরে দেখেছি। শব্দের নানান বিবর্তন নিয়ে এমন অভূতপূর্ব সৃষ্টি নতুন প্রজন্মের কাছে সম্পদ বলেও উল্লেখ করেন তিনি। আগামী দিনে তিনি ফের আড়াই থেকে তিন ঘণ্টা সময় নিয়ে এই ‘শব্দ জাদুঘর’ দেখতে ফের কলকাতায় আসবেন বলেও জানান। দেশের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা এজেন্সি নিয়ে মূল কাজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এদিন ‘শব্দ’ নিয়ে তাঁর নাতিদীর্ঘ বক্তৃতা শুনে মুগ্ধ ভাষাভবনে উপস্থিত কয়েকশো দর্শক। তাঁর কথায়, যেকোনো দেশের সংস্কৃতির সার্বিক অভিব্যক্তি ভাষা ছাড়া হয় না। একটি একটি শব্দ জুড়ে ভাষা হয়। সেই ভাষায় উচ্চারণ যথপোযুক্ত হতে হবে। তবেই প্রকৃত ভাষার মাধ্যমে জাতির সংস্কৃতি-চেতনার উন্মেষ হবে। আগামী প্রজন্মের কাছে নিজের মাতৃভাষা ও দেশীয় ভাষাকে আরও সঠিকভাবে পৌঁছে দিতে এই ‘শব্দ জাদুঘর’ সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেন অমিত শাহ।
এদিকে, এদিন বিকালে নিউটাউনের কনভেনশন সেন্টারে অপর একটি অনুষ্ঠানে অমিত শাহের হাত ধরে এশিয়ার বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ যোগ্য এবং বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী এই কারখানা গড়তে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুজরাতের এই সংস্থা। হাওড়ার সাঁকরাইলে ওই কারখানা তৈরি হবে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুটি আইসক্রিম ফ্যাক্টরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রীর তরফে মিষ্টিদই দিয়ে মিষ্টিমুখ করানোর জন্য আমি এসেছি। বাংলার জনতা পরিবর্তন করেছে। স্বাধীনতার পর থেকে সমস্ত বিধানসভা নির্বাচনের থেকে এই ভোট আলাদা ছিল। ধর্মীয় প্রচার, সাহিত্য ও স্বাধীনতা আন্দোলনে বাংলা ছিল এক জ্যোতিপুঞ্জ। কমিউনিস্ট শাসন এবং তারপর বিচারধারাবিহীন-দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার সোনার বাংলাকে নষ্ট করে দিয়েছিল। আজ বিজেপির সরকার তৈরি হওয়ায় ফের সোনার বাংলা গড়ার সূচনা হয়েছে। সেটা ছ-মাসের মধ্যেই আপনারা উপলব্ধি করতে পারবেন।
এদিকে, যাত্রীসাথীর সঙ্গেই এবার সংযুক্ত হল ‘ভারত ট্যাক্সি’ পরিষেবা। এদিন অমিত শাহের উপস্থিতিতে এই ব্যাপারে পরিবহণ দপ্তরের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়। জানানো হয়েছে, এতে মিলবে সুরক্ষিত ও আধুনিক পরিষেবা।