Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাংলা আমার ক্রিকেটের ধাত্রীগৃহ: আকাশদীপ

ধনধান্য অডিটোরিয়ামে সৌরভ গাঙ্গুলি ঢুকতেই এগিয়ে এলেন আকাশদীপ। প্রাক্তন ভারত অধিনায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সময় তাঁর চোখে মুখে বিনম্রতার ছবি।

বাংলা আমার ক্রিকেটের ধাত্রীগৃহ: আকাশদীপ
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনধান্য অডিটোরিয়ামে সৌরভ গাঙ্গুলি ঢুকতেই এগিয়ে এলেন আকাশদীপ। প্রাক্তন ভারত অধিনায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সময় তাঁর চোখে মুখে বিনম্রতার ছবি। ইংল্যান্ড সফরে নজরকাড়া পেসারের পিঠ চাপড়ে দিলেন সৌরভ। সিএবি’র বার্ষিক অনুষ্ঠান মঞ্চে আকাশের হাতে বিশেষ পুরস্কারও তুলে দিলেন তিনি। সৌরভের কথায়, ‘এজবাস্টন টেস্টে আকাশদীপের পাঁচ উইকেট দেখার জন্য চাইছিলাম যেন প্লেন একটু দেরিতে ছাড়ে। আমি নিশ্চিত বাংলার প্রত্যেক ক্রিকেটপ্রেমীই ওর মাইলস্টোনের অপেক্ষায় ছিল। দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে ও ভারতকে ম্যাচটা জেতায়।’ পুরস্কার নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন আকাশদীপও। তাঁর কথায়, ‘বাংলাই আমার ক্রিকেট জীবনের ধাত্রীগৃহ। এই পুরস্কার পেয়ে তাই বিশেষ অনুভূতি হচ্ছে। আমি গর্বিত।’

Advertisement

শনিবার সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল ধনধান্য অডিটোরিয়ামে। সৌরভ, আকাশদীপ ছাড়াও উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, অরুণ লাল, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউয়ের হাতে জীবনকৃতী সম্মানের ফলক তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ ভট্টাচার্য বলছিলেন, ‘মা-বাবা এবং ছোটবেলার কোচ পুলক বিশ্বাস না থাকলে এই মঞ্চে দাঁড়ানোর সামর্থ্য হতো না। সিএবি-র দেওয়া সম্মান আজীবন মনে রাখব।’ প্রাক্তন মহিলা ক্রিকেটার শ্যামা সাউয়ের কথায়, ‘আমি অভিভূত। সিএবি-কে অসংখ্য ধন্যবাদ।’ ইংল্যান্ড সফরে ভারতীয় স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণকেও পুরস্কৃত করা হয়। সিএবি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন সুদীপ ঘরামি। মহিলা বিভাগের বর্ষসেরা তনুশ্রী সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ