Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা নিচ্ছেন না শৌচাগার তৈরির টাকা

বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা নিচ্ছেন না শৌচাগার তৈরির টাকা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগার টাকা। সেজন্য তাঁদের পৃথকভাবে আবেদন করতে হবে। কিন্তু, সরকারি পরিসংখ্যান বলছে, উত্তর ২৪ পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম। তবে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন। এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজ শেষও করে ফেলেছেন। বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলায় ৮১ হাজার ৯৮১ জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার ৬০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তার লিন্টেল পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে, তাঁদের দ্বিতীয় দফার ৬০ হাজার টাকা করেও দেওয়া হয়েছে। সরকারিভাবে বলা হয়েছিল, কোনও উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয়, তাহলে প্রতি উপভোক্তাকে সেজন্য দেওয়া হবে ১২ হাজার করে টাকা। তবে, সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে। কিন্তু জেলায় এজন্য মাত্র ৯৬৯টি আবেদন জমা পড়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা। এর মধ্যে ৭৩৯ জন উপভোক্তা শৌচাগার তৈরিও করে ফেলেছেন। বাকিরা তা তৈরি করছেন। তবে অনেক উপভোক্তাই শৌচাগারের জন্য ওই পৃথক আবেদন করছেন না। তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে, এই বিষয়টি কি এখনও অজানা মানুষের কাছে? জেলা প্রশাসনের এক কর্তা বলেন, আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলছি। 
এছাড়া, উত্তর ২৪ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ১১ জন বাড়ি তৈরির প্রথম দফার ৬০ হাজার টাকা ফিরিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, জমিজটের কারণেই উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি। ফলে তারা ৬০ হাজার করে টাকা ফিরিয়ে দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ