Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নম্র হও, বেন স্টোকসদের বার্তা কোচ ম্যাকালামের

আগামী ২০ জুন শুরু ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের মেগা সিরিজ। তার প্রস্তুতি হিসেবেই বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামছে ইংল্যান্ড।

নম্র হও, বেন স্টোকসদের বার্তা কোচ ম্যাকালামের
  • ২২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

লন্ডন: আগামী ২০ জুন শুরু ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের মেগা সিরিজ। তার প্রস্তুতি হিসেবেই বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামছে ইংল্যান্ড। তার আগে ক্রিকেটারদের নম্র হওয়ার পরামর্শ দিলেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি সাফ বলেছেন, ‘ক্রিকেট মাঠে কী করছি, সেটা সবকিছু নয়। আচার-আচরণেও নজর দিতে হবে। কথাবার্তার সময় সতর্ক থাকা জরুরি। কী বার্তা দিচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। এই দলের সবার বড় আসরে সফল হওয়ার ক্ষমতা রয়েছে। চাপের মুখে সেরাটা মেলে ধরতেও এরা পারে। তার সঙ্গে আমি চাইব এরা যেন নম্র হয়, সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন না হয়।’

Advertisement

সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেটারদের ঔদ্ধত্য বার বার সমালোচনার মুখে পড়েছে। দল হারলেও তাঁদের বেপরোয়া দেখিয়েছে। অনেকের মন্তব্য নিয়েও চলেছে চর্চা। এই প্রসঙ্গেই ম্যাকালাম বলেছেন, ‘ড্রেসিং-রুমে আমরা যা বলি তা প্রকাশ্যে সামনে আনা যায় না। আমাদের তাই স্মার্ট হতে হবে কথাবার্তায়। যা মনে আসছে তাই বললে চলবে না।’
সমর্থকরা যেন এই দল নিয়ে গর্বিত হন, এমনই চাহিদা ম্যাকালামের। শুধু আক্রমণাত্মক ‘বাজবল’ খেলার জন্যই নয়, সার্বিকভাবেই তা চান তিনি। কয়েক মাস আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচেই পরাজয়ের কথা মাথায় রেখে ম্যাকালাম বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীরা আমাদের আগ্রাসী ক্রিকেট দেখে রোমাঞ্চিত। তাঁরা যেন পরবর্তীকালে বলতে পারেন যে এই দলটা দুর্ধর্ষ ছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ