সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালে বিদ্যুতের পোস্টে আগুন ধরে গেল উলুবেড়িয়ায়। তবে বড়সড় ক্ষতির আগেই বিদ্যুৎকর্মীরা সেই আগুন নিভিয়ে ফেলেন। জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের নোনা এলাকায় ওটি রোডের পাশে একটি বিদ্যুতের পোস্টে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে বিদ্যুতের তার। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর ও দমকলকে। ঘটনাস্থলে চলে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এরপরে আসে উলুবেড়িয়া থানার পুলিস, দমকলের একটি ইঞ্জিনও। কী কারণে পোস্টে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।



