Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে বেআইনি হোর্ডিং সরাতে ফের নির্দেশ হাইকোর্টের

বিধাননগরে বেআইনি হোর্ডিং সরাতে ফের নির্দেশ হাইকোর্টের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর পুর এলাকা থেকে বেআইনি হোর্ডিং সরাতে হবে। সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট মঙ্গলবার এমনটাই জানিয়ে  দিল। হাইকোর্ট জানিয়েছে, নোটিস দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে হোর্ডিং সরাতে হবে।
Advertisement
এর আগে একটি জনস্বার্থ মামলার জেরে বিধাননগর-সল্টলেক চত্বরে বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে সময়সীমা বেঁধে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এরপর জটিলতা শুরু হয়। কিছু সংস্থা দাবি করে, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় ফি দেওয়ার পরও তাদের হোর্ডিং খুলে ফেলা হচ্ছে। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় একটি সংস্থা। সুপ্রিম কোর্টের কাছে বেশ কিছুটা সময় চেয়েছিল তারা। শীর্ষ আদালত সেই সংস্থার যুক্তি মানতে চায়নি, পুনরায় তাদের হাইকোর্টে ফেরত পাঠায়। সেইমতো এদিন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে মামলার শুনানি হয়। হাইকোর্ট আগের নির্দেশই বহাল রেখেছে। ফলে সমস্ত বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে হবে। নির্দেশ কার্যকর করে ৯ জানুয়ারির মধ্যে প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিতে হবে। উল্লেখ্য, জনস্বার্থ মামলাকারী তথা আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিধাননগরে প্রায় আড়াই হাজার বেআইনি হোর্ডিং রয়েছে।
সম্পর্কিত সংবাদ