নিজস্ব প্রতিনিধি, হাওড়া: উত্তর হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন জে এন মুখার্জি রোডে পুরসভার পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় সোমবার জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ফলে এদিন বিকেল পর্যন্ত জল না মেলায় বেশ সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ জে এন মুখার্জি রোডে পুরসভার জলের মেইন পাইপ আচমকা ফেটে যায়। ফলে রাস্তার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরসভার কর্মীরা। রাস্তার যে অংশে পাইপ ফেটেছে, সেই অংশটি পুলিস ঘিরে দিয়েছে। পাইপ ফেটে যাওয়ায় উত্তর হাওড়ার এই অংশে বেশ কিছুক্ষণ যানজট হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিসি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। এদিন সন্ধ্যার মধ্যেই পুরসভা পাইপলাইন মেরামত করে দিয়েছে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘জলের মেইন পাইপে লিক হয়েছিল। সেজন্য বাসিন্দারা কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন। তবে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। মঙ্গলবার সকাল থেকে আবার আগের মতোই জল সরবরাহ হবে।’



