সংবাদদাতা, বসিরহাট: নদীর বাঁধ বসে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন বাসিন্দারা। বাঁধ বসার জেরে ইটের রাস্তাও বসে গিয়েছে। প্রায় তিন মাস ধরে এই অবস্থা চললেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয়দের। বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর থানার হেমনগর গ্রামের সেতু সংলগ্ন রাস্তার এই অবস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমনগরে গোমতী নদীর উপরে একটি সেতু রয়েছে। ওই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগরের মানুষ যাতায়াত করেন। তার জন্য স্থানীয় পঞ্চায়েত এই রাস্তা তৈরি করেছিল। রাস্তাটির রক্ষণাবেক্ষণের অভাবে চলার অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা সুকান্ত গায়েন বলেন, কয়েক মাস আগে গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে। ফলে বাঁধের উপরে থাকা ইটের রাস্তাও বসে যায়। রাস্তার ইট এলোমেলো হয়ে যাওয়ায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। তাঁদের গ্রামে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। রাস্তায় আলো না থাকায় সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা বিপজ্জনক হয়ে উঠেছে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি শুনলাম দ্রুত রাস্তা মেরামতির ব্যবস্থা করব।



