সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহরের অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল অনলাইনে জুয়ার আসর। মঙ্গলবার রাতে সেখানেই হানা দিয়ে পুলিস ছয় যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ১০টি মোবাইল ফোন ও একটি ইন্টারনেট চালানোর রাউটার। বুধবার সাংবাদিক সম্মেলন করে পুলিস জানায়, বিভিন্ন বেআইনি অনলাইন অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের টাকা নিয়ে আইডি তৈরি করে এরা জুয়া খেলার আয়োজন করত। বিনিময় কমিশন পেত। ধৃতদের বাড়ি নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস।



