Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবাদী বাগে ৯ তলা থেকে মরণঝাঁপ বৃদ্ধের

বিবাদী বাগে ৯ তলা থেকে মরণঝাঁপ বৃদ্ধের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ভরদুপুরে বিবাদী বাগের মার্শাল হাউসের ন’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। তাঁর নাম কিশোরকুমার ধাগা (৬৬)। বাড়ি শ্রীভূমির ৬৯ নম্বর এস কে দেব রোডে। এই ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস নিশ্চিত যে, ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ।
Advertisement
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সোমবার রাত পর্যন্ত ওই বৃদ্ধের আত্মহত্যার কারণ নিয়ে ধোয়াঁশা রয়েছে। তবে প্রাথমিক তদন্তে কলকাতা পুলিস জানতে পেরেছে, তাঁর একাধিক শারীরিক অসুস্থতা ছিল। যার জেরে কিছুটা খিটখিটে মেজাজের হয়ে উঠেছিলেন তিনি। সম্প্রতি ‘ব্লাড ডিসেন্ট্রি’ হয়েছিল তাঁর। সব মিলিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এদিন ঘড়িতে তখন বেলা ১টা। হঠাৎ নেতাজি সুভাষ রোডে ভারী কিছু পড়ার আওয়াজে চমকে ওঠেন পথচারী থেকে দোকানদাররা। সে দিকে তাকাতেই পথচলতি জনতার নজরে আসে, এক বৃদ্ধ ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা রাস্তা ভেসে যাচ্ছে রক্তে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বৃদ্ধের ভাই ও ছেলে হেয়ার স্ট্রিট থানায় আসেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে পুলিস অফিসারদের। পুলিস আত্মহত্যার প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানা।  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ