সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ২ নম্বর ব্লকের বাড়গড়চুমুক প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র এবার ১০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো তৈরির জন্য সাংসদ সাজদা আহমেদ তাঁর এমপি তহবিল থেকে ২০ লক্ষ টাকা দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এটি হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে।
শ্যামপুর ২ নম্বর ব্লকের বাড়গড়চুমুক পঞ্চায়েত এলাকায় মূলত সংখ্যালঘু এবং তফসিলি সম্প্রদায়ের মানুষের বসবাস। গ্রামবাসীদের স্বার্থেই এই এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল। এখানে এতদিন শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল। ফলে জটিল সমস্যা নিয়ে কোনও রোগী এলে তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতো। এই সমস্যা দূর করতেই এই সুস্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যার হাসপাতালে পরিণত করতে চলেছে জেলার স্বাস্থ্যদপ্তর।
সূত্রের খবর, ইতিমধ্যেই পরিকাঠামো তৈরির পাশাপাশি ১০টি বেড আনা হয়েছে। হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা বলেন, দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এই সুস্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীত করার দাবি জানাচ্ছিলেন। এই দাবিকে মান্যতা দিয়ে সাজদা আহমেদ তাঁর সাংসদ তহবিল থেকে প্রয়োজনীয় টাকা দিয়েছেন। বর্তমানে সুস্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার এবং দু’জন নার্স আছেন। হাসপাতাল চালু হলে আরও ডাক্তার ও নার্স নিযুক্ত হবেন। এর ফলে বাড়গড়চুমুক গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়াও খাড়ুবেড়িয়া, আমড়দহ এবং বাছরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সুবিধা হবে বলে জানিয়েছেন জুলফিকার সাহেব। এ প্রসঙ্গে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রটি জেলার প্রান্তিক এলাকায় অবস্থিত। ওখানে হাসপাতাল তৈরি জরুরি ছিল। নিজস্ব চিত্র