


বার্সেলোনা- ৩ : রিয়াল মাদ্রিদ- ২
(রাফিনহা-২, লিওয়ানডস্কি) (ভিনিসিয়াস, গার্সিয়া)
জেড্ডা: মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। রবিবার সৌদি আরবের জেড্ডায় আয়োজিত স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালন ক্লাবটি। মর্যাদার এল ক্লাসিকোয় জোড়া গোলে নায়ক রাফিনহা। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান রবার্ট লিওয়ানডস্কি। রিয়ালের দুই গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র ও গনজালো গার্সিয়া। উল্লেখ্য, শেষ তিনটি ফাইনালে রিয়ালকে হারিয়ে নজির গড়ল হান্স ফ্লিকের ছেলেরা। হারের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই চাকরি খোয়ালেন রিয়াল কোচ জাবি আলোন্সো। বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত। মাত্র ৭ মাস আগে দলের দায়িত্ব নিয়েছিলেন জাবি। সাপোর্ট স্টাফেদেরও ছেঁটে ফেলা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন রিয়ালের প্রাক্তনী আলভারো আর্বেলোয়া। এদিকে, হারের পর মাঠেই মেজাজ হারালেন রিয়াল ফুটবলাররা। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেওয়ার রীতি থাকলেও, তাতে রাজি হননি এমাবাপেরা। তাঁদের এই আচরণে দেখা দিয়েছে তীব্র বিতর্ক।
গতবার স্প্যানিশ সুপার কাপ ফাইনালের পাশাপাশি কোপা ডেল রে’র খেতাবি লড়াইয়ে রিয়ালকে বশ মানিয়েছিল বার্সা। এবার তাই প্রতিশোধের লক্ষ্যে মাঠে নেমেছিল জাবি আলোন্সোর ছেলেরা। দলের সেরা তারকা এমবাপেকে বেঞ্চে রেখেই দল সাজান রিয়াল কোচ। তা সত্ত্বেও শুরুটা দারুণ করে ‘লস ব্ল্যাঙ্কোস’। পাল্টা চাপ সামলে ৩৬ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন রাফিনহা। গতি বাড়িয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান তারকা (১-০)। প্রথমার্ধের সংযোজিত সময়ে পরের পর নাটক। এই পর্বে আসে তিনটি গোল। প্রথমে ভিনিসিয়াসের দুরন্ত গোলে সমতায় ফেরে রিয়াল (১-১)। তবে এক মিনিটের মধ্যেই ফের বার্সাকে এগিয়ে দেন লিওয়ানডস্কি (২-১)। আর বিরতির বাঁশি বাজার ঠিক আগেই রিয়ালকে দ্বিতীয়বারের জন্য ম্যাচে সমতায় ফেরান গনজালো গার্সিয়া (২-২)।
বিরতির পর একই গতিতে ম্যাচ গড়াতে থাকে। তবে আরও একবার রাফিনহার গোল দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তাঁর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (৩-২)। তৃতীয়বারের জন্য পিছিয়ে পড়ে এমবাপেকে মাঠে নামান আলোন্সো। তবে তাতে খুব একটা লাভ হয়নি। ম্যাচের শেষলগ্নে ডে জং লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট ১০ জনে খেলেও জয় ছিনিয়ে নেয় বার্সা। এদিকে, এদিন ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে প্রাক্তন দলের হার দেখে মাঠ ছাড়তে হল পর্তুগিজ মহাতারকাকে।