Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি স্মার্ট মিটারের প্রতিবাদে বারাসতে অবরোধ, শামিল তৃণমূলের কাউন্সিলারও

সরকারি স্মার্ট মিটারের প্রতিবাদে বারাসতে অবরোধ, শামিল তৃণমূলের কাউন্সিলারও
  • ৮ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাধারণ মানুষের বাড়িতে বসানো হচ্ছে ইলেকট্রিকের স্মার্ট মিটার। তার প্রতিবাদ জানিয়ে বুধবার বারাসত ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ব্যস্ত যশোর রোডে চলে অবরোধ। সাধারণ মানুষের সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারও। পরে বারাসত থানার পুলিস এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

সারা দেশেই মানুষের বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার। বাংলাতেও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এই কাজ দ্রুত সেরে ফেলার প্রক্রিয়া চালাচ্ছে। এর ফলে ‘প্রিপেইড সিস্টেমে’ নিজেদের বিদ্যুতের বিল মেটাতে পারবেন গ্রাহকরা। প্রতিদিনের বিদ্যুতের খরচ কেমন হচ্ছে, তাও জানতে পারবেন উপভোক্তারা। কিন্তু এই স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের বিল বেশি হয় বলেও একটি ধারণা রয়েছে গ্রাহকদের মধ্যে। এই আবহে বুধবার দুপুরে বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বারাসত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার মারিয়াম মাসুদ গাজি। তিনি বলেন, স্মার্ট মিটারের ফলে বিল অনেকটাই বেশি হচ্ছে। তাই আমাদের দাবি, বিদ্যুৎ দপ্তর ফের আগের মিটার বসিয়ে দিক।
বিক্ষোভকারী শাহজাহান মোল্লা, শেখ আব্দুল নাসিররা বলেন, অযৌক্তিকভাবে আমাদের ভুল বুঝিয়ে এই স্মার্ট মিটার বসানো হয়েছে। কিন্তু ফলে আমাদের অনেক টাকা অতিরিক্ত বিল মেটাতে হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পক্ষে এই বাড়তি টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পুরনো মিটার ফেরানোর দাবিতে আমরা বিক্ষোভ দেখালাম। এ নিয়ে দপ্তর দ্রুত পদক্ষেপ করুক, এটাই চাই।
এদিকে, বিদ্যুৎ দপ্তরের এক কর্তার কথায়, স্মার্ট মিটারের ফলে অতিরিক্ত বিল হচ্ছে, এটা ভুল ধারণা। সরকারিভাবে এই মিটার বসানো হচ্ছে মানুষের সুবিধার্থেই।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ