Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁশবেড়িয়ায় মিনি কুম্ভের সূচনা, কল্যাণীতেও বঙ্গ কুম্ভের আয়োজন

হুগলির বাঁশবেড়িয়া ও নদীয়ার কল্যাণীতে শুরু হয় ‘কুম্ভমেলা’। কল্যাণীর মাঝেরচরে গৌরাঙ্গ প্রভুর ঘাটে জাঁকজমক ভাবে বুধবার শুরু হল বঙ্গ কুম্ভমেলা।

বাঁশবেড়িয়ায় মিনি কুম্ভের সূচনা, কল্যাণীতেও বঙ্গ কুম্ভের আয়োজন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, কল্যাণী: হুগলির বাঁশবেড়িয়া ও নদীয়ার কল্যাণীতে শুরু হয় ‘কুম্ভমেলা’। কল্যাণীর মাঝেরচরে গৌরাঙ্গ প্রভুর ঘাটে জাঁকজমক ভাবে বুধবার শুরু হল বঙ্গ কুম্ভমেলা। মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজক বঙ্গ কুম্ভমেলা পরিষদ। প্রায় ৪০০ নাগা সন্ন্যাসীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হতে শুরু করেছে। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু ও সন্ন্যাসীরা এই কুম্ভ মেলায় যোগ দিচ্ছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি হুগলি নদীতে অনুষ্ঠিত হবে শাহি স্নান। প্রশাসনের তরফ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Advertisement

বুধবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। ধর্মীয় আবহ, সাধু-সন্ন্যাসীদের শোভাযাত্রা এবং নানা আচার অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠেছে কল্যাণীর মাঝেরচরের এই এলাকা। মেলা উপলক্ষ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। কুম্ভ মেলার দীর্ঘ ৭০৪ বছরের ঐতিহ্য ধরে রাখতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বঙ্গ কুম্ভমেলা পরিষদের সভাপতি শ্রীমৎ রঞ্জিতানন্দ গিরি মহারাজ জানান, ইতিমধ্যেই প্রায় ৪০০ নাগা সন্ন্যাসী এসে পৌঁছেছেন মেলার বিভিন্ন আখড়ায়। সব মিলিয়ে ধর্মীয় উন্মাদনা ও ঐতিহ্যের আবহে সরগরম কল্যাণীর বঙ্গ কুম্ভমেলা। এদিকে, আজ বাঁশবেড়িয়াতেও শুরু হয়েছে মিনি কুম্ভ। এবারে মেলা ৫ম বর্ষে পড়ল। পুলিশ-প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে এই পথ ধরেই  কুম্ভ স্নানের জন্য যাত্রীরা যেতেন। সপ্তর্ষি ঘাটে জল নেওয়া ও বিশ্রাম নিতেন পুণ্যার্থীরা। কয়েক শতাব্দী আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে বছর পাঁচেক আগে উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা ও বাঁশবেড়িয়া পুরসভা। সেই অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি সপ্তর্ষি ঘাটে শাহি স্নান হবে। বিভিন্ন সতীপীঠ থেকে জল ও মাটি আনা হচ্ছে কুম্ভ স্থলে। ইতিমধ্যেই আখড়া তৈরি হয়েছে। সেখানে ভিড় জমিয়েছেন নানা রাজ্যের সাধুসন্তরা। কিন্নর সাধু-সন্ন্যাসীরাও এসেছেন। তাঁদের দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ভিড় সামলাতে প্রশাসনের তরফে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। থাকছে সাদা পোশাকের পুলিশ। মিনি কুম্ভ উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনা থেকে বহু মানুষ জলপথে আসেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থ করা হয়েছে। পরিবহণেও নজর দেওয়া হয়েছে।  উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় শব্দবিধি মানা হচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশ জেলার সুপার কামনাশিস সেন জানিয়েছেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ