নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাটছে না অ্যাকাউন্ট ফ্রিজ অস্বস্তি! এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। রাজ্য পুলিশের পরে সম্প্রতি ইডি-ও তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বিষয়টি নিয়ে শুক্রবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তিনি জানান, রাজ্য পুলিশের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট নিয়ে একটি রক্ষাকবচ দিয়েছে অন্য একটি বেঞ্চ। কিন্তু, আর্থিক তছরুপের মামলায় ইডির নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান তিনি। কালীঘাট তৃণমূলকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে নেমে বিধাননগর পুলিশ আগেই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। ওই মামলায় বৃহস্পতিবারই কালীঘাটপন্থী তৃণমূল সাময়িক স্বস্তি পায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। ওই তিনটি অ্যাকাউন্ট পরিচালনার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করে হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশে বলা হয়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ওই স্পেশাল অফিসারের মাধ্যমেই তুলতে হবে কালীঘাট তৃণমূলকে। সংশ্লিষ্ট তিনটি ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারীদের মধ্যে যেকোনো দু’জনের সই করা চেকে স্পেশাল অফিসারের পালটা স্বাক্ষরের পরেই ব্যাংক থেকে অর্থ তোলা যাবে বলে বৃহস্পতিবার জানায় হাইকোর্ট। কিন্তু, ইডির দায়ের করা মামলায় জটিলতা দেখা দেওয়ায় ফের হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল।
সূত্রের খবর, ইডি নতুন করে তৃণমূলের আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বলে জানা গিয়েছে। তবে, ওই অ্যাকাউন্টগুলিতে কত টাকা রয়েছে, তা জানা যায়নি। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে।