রোম: বিদেশেও ভারতীয়দের সঙ্গে অভদ্র আচরণ বাংলাদেশিদের। এবার ইতালিতে এক রেস্তরাঁয় বাংলাদেশি কর্মীর অভব্যতার শিকার হলেন একদল ভারতীয় মহিলা। তবে বিনা প্রতিবাদে সেই অপমান তাঁরা হজম করেননি। বরং রেস্তরাঁকর্মীকে অপরাধ স্বীকার করিয়ে ক্ষমা চেয়ে নিতে বাধ্য করেছেন। মহিলাদের সেই আচরণকে কুর্নিশ করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নেট দুনিয়া।
সম্প্রতি ইনস্টাগ্রামে খুশি দুবে নামে এক মহিলা পুরো ঘটনার ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘ইতালিতে আমাদের সঙ্গে কী হয়েছে দেখুন!’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার ধারের রেস্তরাঁয় তাঁরা খাবার অর্ডার করেছেন। সে সময় হোসেন নামে এক বাংলাদেশি রেস্তরাঁকর্মী তাঁদের আক্রমণ করছেন এই বলে—‘এই দেশটাকে সবাই নষ্ট করে দিচ্ছে। তোমরা ভারত থেকে এসেছ। তোমরাও একই হাল করেছ।’ তখন ভারতীয়দের মধ্য থেকে একজন মহিলা বলে ওঠেন, ‘হোসেন আপনি ভালোভাবে কথা বলুন। মহিলাদের কীভাবে সম্মান করতে হয়, আপনার তা জানা উচিত।’ এতেও থামানো যায়নি ওই বাংলাদেশিকে। তিনি বলতে থাকেন, ‘পুলিশকে ডাকুন। আমার কিছু করতে পারবে না।’ ওই মহিলারা তখন পুলিশে খবর দেন। পুলিশ কর্মীরা আসার পর অবশ্য হোসেন গলা নামিয়ে মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নেন।