Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওপারে খুন করে এসে ধৃত বাংলাদেশি

মাস কয়েক আগে বাংলাদেশে খুন করে বেপাত্তা হয়ে যায় অপরাধী। এরপর বাঁচার জন্য সুযোগ বুঝে এক দালালের সহায়তায় নদীয়ার সীমান্ত দিয়ে এদেশে ঢোকে সে।

ওপারে খুন করে এসে ধৃত বাংলাদেশি
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: মাস কয়েক আগে বাংলাদেশে খুন করে বেপাত্তা হয়ে যায় অপরাধী। এরপর বাঁচার জন্য সুযোগ বুঝে এক দালালের সহায়তায় নদীয়ার সীমান্ত দিয়ে এদেশে ঢোকে সে। এপারে এসে গা ঢাকা দেওয়ার জন্য ডোমকলে বাড়ি ভাড়ার খোঁজ শুরু করে। তখনই সে পুলিসের জালে ধরা পড়ে। পুলিসি জেরায় সে ওপারে খুনের কথা জানিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগে ডোমকল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ছোটন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস সূত্রের খবর, গত ২২ জুলাই রাতে গোপন সূত্রে খবর আসে, বক্সিপুর এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ছোটন ও এক ভারতীয় দালাল বাড়ি ভাড়া নেওয়ার জন্য ঘোরাঘুরি করছে। এরপরই সেখানে হানা দিয়ে ওই দু’জনকে পাকড়াও করে পুলিস। পুলিস জানতে পারে, ছোটনের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। সে ভারতে ঢুকে ডোমকলের বক্সিপুর ঘাট এলাকায় গা ঢাকা দেওয়ার জন্য বাড়ি ভাড়া খুঁজছিল। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করতেই, একের পর এক রোমহর্ষক তথ্য উঠে আসছে। 
পুলিস সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে, মাস কয়েক আগে সে ওপার বাংলায় এক ব্যক্তিকে খুন করেছিল। দিন কয়েক আগে নদীয়ার হোগলবেড়িয়া সীমান্ত দিয়ে দালালের সাহায্যে এদেশে ঢুকেছিল। গা ঢাকা দেওয়ার জন্যই এদেশে ঢুকেছিল বলে পুলিসি জেরার মুখে জানিয়েছে ধৃত। এখানেই শেষ নয়, পুলিস সূত্রের খবর, ধৃতের শরীরে পুরনো বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। জেরায় ধৃত জানিয়েছে, বছর দেড়েক আগে পাচারকারীদের সঙ্গে তার বিবাদ হয়। সেই সময় সে গুলিবিদ্ধ হয়েছিল। মুর্শিদাবাদ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) বলেন, জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গিয়েছে। তবে সে সত্যি বলছে কি না সেটা যাচাই করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ