জাল ভারতীয় নথি বানিয়ে বসবাস, মালদহের সীমান্তে ধৃত বাংলাদেশি
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: জাল ভারতীয় নথি বানিয়ে দীর্ঘদিন ধরের এপারে বসবাস। এমনকী সম্পত্তির মালিক হয়ে ওঠা। অবশেষে মালদহের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি। ধৃতের নাম তন্ময় মণ্ডল ওরফে তন্ময় সরকার। পুলিশ সূত্রে খবর, তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলের কাদেরপুর এলাকায়।

Advertisement

অভিযোগ, জাল ভারতীয় পাসপোর্ট দেখিয়ে মহদিপুর সীমান্ত দিয়ে ওই ব্যক্তি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেসময় ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওই পাসপোর্ট দেখে সন্দেহ হয়। এরপরই সন্দেহভাজন ব্যক্তির পাসপোর্ট যাচাই করতে গিয়ে পুলিশ কর্মীরা জানতে পারেন, অভিযুক্তের কাছে যে পাসপোর্ট রয়েছে, সেটি জাল। কোচির ব্যুরো অব ইমিগ্রেশন থেকে ওই বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি রয়েছে। এরপরই ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এতে অভিযুক্তর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র হিসাবে জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধারকার্ড, রেশন কার্ড সহ আরও বেশকিছু নথি মেলে বলে পুলিশের দাবি। এরপরই মহদিপুর সীমান্তে কর্তব্যরত পুলিশের গোয়েন্দা বিভাগের এক সহকারী সাব ইন্সপেক্টর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি সন্দেহে ধৃত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় শুক্রবার। 
পুলিশ সূত্রে খবর, জেরায় ওই ব্যক্তি স্বীকার করে নিয়েছে, সে শুধু একা নয়, তার পরিবারের অন্যদের নামেও সে জাল ভারতীয় নথি বানিয়ে নিয়েছে। এমনকী এসব জাল নথি দেখিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়িতে জমিও কিনেছে। জাল নথিকে হাতিয়ার করে ঠিক কতদিন ধরে ওই ব্যক্তি এপারে বসবাস করছিল, কাদের কাছ থেকে সে ওইসব জাল নথি বানাল, এর সঙ্গে কোনো চক্র জড়িত কি না, কেন ওই ব্যক্তি জাল নথি বানিয়ে ভারতে বসবাস করছিল, এর আগে সে কোথায় কোথায় ঘাঁটি গেড়েছিল, ময়নাগুড়ি ছাড়া এদেশের আর কোথায় কোথায় সে সম্পত্তি করেছে, এপারে সবমিলিয়ে তার কত টাকার সম্পত্তি রয়েছে, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। 
মালদহের জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেন, জাল ভারতীয় পাসপোর্ট ও অন্যান্য ভুয়ো নথি সহ সন্দেহভাজন এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।