ঢাকা: বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ, সোমবার দুপুরে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে শিক্ষাঙ্গনে ভেঙে পড়ে সেদেশের বায়ুসেনার একটি বিমান। তার ঠিক পাশেই চলছিল স্কুলের বাচ্চাদের ক্লাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম ১৫০ জনেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় ইতিমেধ্যেই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুন। চারদিকে আতঙ্কের দৃশ্য। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর তরফে জানানো হয়েছে, এদিন স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। অনেক দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এখনও পর্যন্ত দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়েছে।
দমকল বিভাগের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। আমরা ১৬ জনের দেহ উদ্ধার করেছি। এছাড়া ৭০ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে বিমানটি ভেঙে পড়ল তার স্পষ্ট কারণ এখনও অজানা। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ক’জন আরোহী ছিলেন ও তাঁরা কী অবস্থায় রয়েছেন সে বিষয় নিয়েও মুখে কুলুপ এঁটেছে ইউনুস সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, বিমানটি একটি আকাডেমিক বিল্ডিংয়ে আছড়ে পড়ে। পাশেই একটি স্কুলে বাচ্চাদের ক্লাস চলছিল। সেখানে আহত হন বেশ কয়েকজন। তাদের বের করে আনার কাজ চলছে।