Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটানে সুযোগ বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির ফুটবলার শিউলির

ফুটবলের টানে দেশের সীমানা পেরিয়ে সুদূর ভুটানের ফুটবল লিগে খেলে নজর কাড়ছেন বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির শিক্ষার্থী শিউলি সরেন।

ভুটানে সুযোগ বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির ফুটবলার শিউলির
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুজয় সরকার, হিলি: ফুটবলের টানে দেশের সীমানা পেরিয়ে সুদূর ভুটানের ফুটবল লিগে খেলে নজর কাড়ছেন বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির শিক্ষার্থী শিউলি সরেন।

Advertisement

ভুটানের ১০ দলীয় মহিলা ফুটবল লিগে গেলিফু সিটি উইমেন ক্লাবের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলছেন তিনি। ভুটান লিগে তাঁর দল তিনটি ম্যাচ খেলে একটিতে হেরেছে। এছাড়া, বাকি দু’টি ম্যাচের একটি ড্র এবং শেষটিতে জয় পেয়েছে। বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৯ বিভাগের শিক্ষার্থী ফুটবলার  শিউলি ২০২৪ সাল থেকে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। পারিবারিক আর্থিক অনটন থাকলেও ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন। রয়েছে দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছা।
ফুটবলের প্রতি ভালোবাসা, লড়াইয়ের মানসিকতা ও দক্ষতা দেখে বিনামূল্যে শিউলির প্রশিক্ষণের ব্যবস্থা করে বালুরঘাট ফুটবল অ্যাকাডেমি। নিজের গ্রাম থেকে বালুরঘাট অনেকটা দূরে হলেও প্রশিক্ষণের সুযোগ পেয়ে দীর্ঘ প্রায় নয় কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে ফুটবল ক্যাম্পে নিয়মিত আসতেন শিউলি। সম্প্রতি ভুটানের মহিলা ফুটবল লিগে খেলার ডাক আসে। তারপরেই ভুটান পাড়ি দিয়েছিলেন। লিগে নিজেদের দলের জয়ের খবর সহ বিস্তারিত হোয়াটস অ্যাপে কোচ শুভজিৎ দাসকে বিস্তারিত জানান শিউলি।
বালুরঘাট ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ শুভজিৎ দাস বলেন, জেলার প্রতিভাবান ফুটবলারদের খুঁজে এনে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। ক্যাম্পের একাধিক ফুটবলার রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছে। ভুটানে ভালো খেলছে আমাদের ক্যাম্পের শিক্ষার্থী শিউলি। দুর্দান্ত ফুটবলার হতে তাকে সবরকম সাহায্য করা হবে। আর্থিক অনটন বাধা হতে দেব না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ