


ইসলামাবাদ: বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে বাস থেকে নামিয়ে নয় যাত্রীকে খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতের দিকে বালুচিস্তান প্রদেশের ঝোব জেলার সুর-ডাকাই এলাকায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। ঝোবের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার দুটি বাস পাক-পাঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাস দুটিকে আটকায় বিদ্রোহীরা। যাত্রীদের সকলের থেকে পরিচয়পত্র দেখতে চায় তারা। এরপর পাঞ্জাবের বাসিন্দা ওই ন’জনকে আলাদা করে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়। প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে বলে আলম জানিয়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় প্রশাসন ওই হাইওয়ে বন্ধ করে দিয়ে বিদ্রোহীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেছেন বালুচিস্তান প্রদেশের ‘চিফ মিনিস্টার’ মির সরফরাজ বুগতি। তিনি জানান, পরিচয় জেনে ন’জন নিরীহ মানুষকে খুনের ঘটনা ক্ষমার অযোগ্য। হামলাকারীরা মাটির নীচে লুকোলেও তাদের খুঁজে বের করা হবে। এর আগেও একাধিকবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের টার্গেট করেছে বালোচ বিদ্রোহীরা।
এদিকে, বালুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই অব্যাহত। কোয়েট্টা, লোরালাই ও মাসতুংয়ে হামলা চালায় বিদ্রোহীরা। বিভিন্ন সূত্রের দাবি, রাতের দিকে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট, সরকারি ভবন, থানা, ব্যাঙ্ক ও মোবাইল টাওয়ারগুলিকে টার্গেট করা হয়। যদিও বালুচিস্তান প্রশাসনের দাবি, বিদ্রোহীদের হামলায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে নিরাপত্তা বাহিনীও।