


নয়াদিল্লি: বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে ভারতের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখলেন বালোচ নেতা মির ইয়ার। সেই সঙ্গেই বালুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারের পর্দাফাঁস করলেন তিনি। মির ইয়ার বালোচ তাঁর চিঠিতে লিখেছেন, অপারেশন সিন্দুর আর ৭ দিন চললেই স্বাধীন হয়ে যেতাম।
মির ইয়ার বালোচ প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, অপারেশন সিন্দুরের ধাক্কায় পাকিস্তানের ব্যাপক ক্ষতি দেখে বিশ্বে কেউ যদি সবচেয়ে খুশি হয়ে থাকে তাহলে সে হল বালুচিস্তান। অপারেশন সিন্দুরে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বালুচিস্তানের মানুষ। ভারতের কাছেও বালুচিস্তানের প্রচুর আশা রয়েছে। সেই আশা হল বালুচিস্তানের স্বাধীনতা। এই চিঠিতেই মির ইয়ার বালোচের অভিযোগ, আমাদের সুন্দর বালুচিস্তানে পাকিস্তান যেভাবে ছ’টি পরমাণু বোমা পরীক্ষা করেছিল, তার কুফল এখনও এখানের মানুষকে বহন করতে হচ্ছে। ছাগাই ও রাস কোহ পাহাড়ে ওই পারমাণবিক বিস্ফোরণের ফলে এখনও এখানকার মহিলারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সন্তানের জন্ম দিচ্ছেন। উর্বরতা হারিয়ে লক্ষ লক্ষ একক কৃষিজমি পতিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলের কাছে আমাদের আর্জি, পাকিস্তানের ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র বাজেয়াপ্ত করা হোক। যাতে আমাদের ভূমিতে নতুন করে আর কোনও ধ্বংসলীলা না চলে।
মির ইয়ার বালোচ তাঁর চিঠিতে আরও লিখেছেন, পাকিস্তানের ‘জেহাদি’ সেনাবাহিনী ও আইএসআই বালুচিস্তানের খনিজ ও প্রাকৃতিক সম্পদ লুট করছে। সেই অর্থ ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হচ্ছে। বালুচ, পাশতুন ও সিন্ধুদেশের মানুষ একযোগে পাকিস্তানের এই নৃশংস অত্যাচারের শিকার। ভারতের সঙ্গে একযোগে আমরাও জঙ্গি শিবিরের অবলুপ্তি চাই। আপনাদের সেনাবাহিনী যেভাবে একযোগে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের আশা, অপারেশন সিন্দুর ফের চালু হবে। বালুচিস্তান, গিলগিট, সিন্ধুদেশ ও কাশ্মীরের মানুষ একযোগে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাবে।