Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিকল্পনা করে ম্যানেজারকে খুন, গ্রেপ্তার বেকারির কর্মী

ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করা হয়েছিল কয়েকদিন আগেই। দার্জিলিং মেল চেপে বাড়ি যাব, এই অজুহাত দিয়ে সন্দেহ এড়াতে বিকেলেই বেকারি থেকে বেরিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বাসিন্দা নূর শেখ।

পরিকল্পনা করে ম্যানেজারকে খুন, গ্রেপ্তার বেকারির কর্মী
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করা হয়েছিল কয়েকদিন আগেই। দার্জিলিং মেল চেপে বাড়ি যাব, এই অজুহাত দিয়ে সন্দেহ এড়াতে বিকেলেই বেকারি থেকে বেরিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বাসিন্দা নূর শেখ। কিন্তু, পরিকল্পনা মতো জলপাগুড়িতেই লুকিয়ে ছিল সে। রাতে বেকারির বাকি কর্মীরা সেখান থেকে বেরিয়ে যেতেই ফিরে আসে নূর। অভিযোগ, দরজায় ধাক্কা মেরে ভিতরে ঢুকে বেকারি ম্যানেজারের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে মেরে খুন করে সে। বেকারি ম্যানেজার খুনের ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর ঘটনার সত্যতা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। আক্রোশ কতটা থাকলে এভাবে খুন করা যায়, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। 

Advertisement

শুক্রবার সকালে জলপাইগুড়ির নয়াবস্তির একটি বেকারি থেকে হুগলির বাসিন্দা হাফিজুর রহমানের (৬০) রক্তাক্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। ওই বেকারি ম্যানেজার রাতে বেকারির ঘরেই থাকতেন। এদিন সকালে নির্দিষ্ট সময়ে বেকারি কর্মীরা কাজে আসেন। তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায়। লকার ভাঙা। ম্যানেজার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কর্মীরাই থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। 
ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ বেকারির কর্মী নূর শেখের উপস্থিতি পায়। বেকারি মালিক সহ অন্য কর্মীদের কাছে নূরের বিষয় জানতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলেই নূর বেরিয়ে যায়। কিন্তু, রাতে শহরে নূর শেখের উপস্থিতি তদন্তকারীদের সন্দেহ জাগায়। যদিও ঘটনা ঘটিয়ে জলপাইগুড়ি ছেড়ে সে অন্যত্র চলে যাওয়ার চেষ্টায় ছিল। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 
পুলিশ প্রাথমিক তদন্তে নূরকে জেরা করে জেনেছে, টাকা-পয়সা দেওয়া নেওয়া নিয়ে দু’জনের মধ্যে সমস্যা ছিল। আজ, শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলবে পুলিশ। খুনে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করতে তদন্ত শুরু হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপানি বলেন, বেকারি ম্যানেজার খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ