নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে পুরসভাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
Advertisement
বিধাননগরে প্রায় দু’হাজার বেআইনি হোর্ডিং থাকার অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। তারপর পুরসভার কাছে রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পুরসভা রিপোর্ট দিয়ে জানায়, ৩৫১টি এজেন্সি ওই হোর্ডিংগুলি দিয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র দু’টি এজেন্সি পুরসভাকে লাইসেন্স ফি দেয়। এজেন্সিগুলিকে নোটিস দেওয়া হয়েছে। একটি কমিটি গঠন ও নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। এই রিপোর্ট দেখার পর প্রধান বিচারপতি পুরসভার আইনজীবীকে বলেন, ‘সব জেনেও শুধুমাত্র নোটিস পাঠিয়েই বসে থাকলেন? কেন কোনও ব্যবস্থা নিলেন না? এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে গ্রেপ্তার করুন।’ মামলাকারীর আইনজীবী বলেন, ‘এ ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অভিযুক্তদের ছ’মাসের জেল হতে পারে।’ এরপর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, এজেন্সিগুলিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেআইনি হোর্ডিং খুলে ফেলতে নোটিস পাঠাতে হবে। হোর্ডিং না সরালে সেই কাজ করবে পুরসভা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে পুরসভাকে। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।



