Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি আর্থিক লেনদেনে জড়িয়ে অ্যাকাউন্ট, তিন জনের আত্মহত্যার চেষ্টা, মৃত মা  

বেআইনি আর্থিক লেনদেনে জড়িয়ে অ্যাকাউন্ট, তিন জনের আত্মহত্যার চেষ্টা, মৃত মা
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘আমাদের দিয়ে বেআইনি আর্থিক লেনদেনের কাজ করানো হয়েছে। তাই মানসিক যন্ত্রণায় ভুগছি। আর নেওয়া যাচ্ছে না।’ সুইসাইড নোটে এই অভিযোগ লিখে আত্মহত্যার চেষ্টা করলেন মা, বাবা ও মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় মায়ের। মৃতের নাম জলি রায় (৫৫) । বাবা ও মেয়ে বর্তমানে চিকিৎসাধীন।  বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার লস্করপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।  তদন্তে তারা জানতে পেরেছে, দেবব্রত সরকার নামে কোনও এক ব্যক্তি এই লেনদেন করিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে এই পরিবারের কী সম্পর্ক, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা ।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, লস্করপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন দীপক রায়, তাঁর স্ত্রী জলি রায় ও মেয়ে দিশারী রায়। দীপকবাবুর শাশুড়ি থাকতেন আলাদা একটি ঘরে এবং তার উল্টোদিকের ঘরে তিনজন থাকতেন। প্রথমে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন দীপকবাবু। কিন্তু সেই কাজ চলে যাওয়ার পর বাড়িতেই মুদিখানার দোকান খোলেন। কিন্তু তাতেও আয় হচ্ছিল না। ফলে সেই দোকানও বন্ধ হয়ে যায়। আর্থিক অনটনের কারণে প্রথম বর্ষে পড়তে পড়তেই কলেজ ছাড়তে হয় দিশারীকে। সংসার চালাতে ৬ মাস আগে একটি মলে কাজ শুরু করেছিলেন তিনি।
এদিন সকালে জলিদেবীর বোন ডলি দাস তাঁদের বাড়িতে আসেন। অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপর তিনি ঘরে ঢুকে দেখেন তাঁর দিদি ও জামাইবাবু অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। বোনঝির সামান্য জ্ঞান রয়েছে। আধা চৈতন্য অবস্থায় তিনি জানান, সবাই মিলে ঘুমের ওষুধ খেয়েছিলেন রাতে। এরপরই পাড়ার লোকজনকে ডাকা হয়। তাঁরা তিনজনকেই এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, দীপকবাবু ও দিশারী কিছুটা সুস্থ হলেও তাঁদের জ্ঞান নেই এখনও।
কী ধরনের লেনদেন হয়েছিল, কত টাকার লেনদেন ইত্যাদি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, মৃতের মা জানান, আমার মেয়ে হলেও কোনও কিছুই আমায় বলত না। নিশ্চয় কোনও খারাপ খপ্পরে পড়েছিল ওরা। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বাবা ও মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত এই রহস্যের কিনারা করা যাবে না। যে ব্যক্তির নাম সুইসাইড নোটে বলা হয়েছে, তার ভূমিকা কী, জানতে হবে।
সম্পর্কিত সংবাদ