Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খারাপ আবহাওয়া, আমতলা়র তাঁত বস্ত্র মেলায় দেখা মিলছে না ক্রেতার

কোনও স্টলে সাজানো আছে কটন, মসলিন ইত্যাদি শাড়ি। কোথাও ধুতি-প্যান্টের সেট। ক্রেতা টানতে কেউ বর্ধমান তো কেউ কোচবিহার থেকে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছেন।

খারাপ আবহাওয়া, আমতলা়র তাঁত বস্ত্র মেলায় দেখা মিলছে না ক্রেতার
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোনও স্টলে সাজানো আছে কটন, মসলিন ইত্যাদি শাড়ি। কোথাও ধুতি-প্যান্টের সেট। ক্রেতা টানতে কেউ বর্ধমান তো কেউ কোচবিহার থেকে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছেন। কিন্তু উৎসবের এক মাস আগেও ক্রেতার দেখা নেই। আমতলায় শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় তাঁত বস্ত্র মেলা। প্রায় এক সপ্তাহ হতে চলল অথচ ব্যবসা তেমন ভালো হয়নি বলে দাবি বিক্রেতাদের। এ কারণের জন্য খারাপ আবহাওয়াকে ভিলেন হিসেবে ধরছেন তাঁরা। বৃষ্টির কারণে অনেকেই কেনাকাটা করতে বেরচ্ছেন না। তাই বিক্রি সেভাবে হয়নি বলে আক্ষেপ ব্যবসায়ীদের। শনিবার দুপুরে মেলা চত্বরে গিয়ে দেখা গিয়েছে, একাধিক স্টলে ক্রেতা নেই। কার্যত মুখ চুন করে বসে আছেন বিক্রেতারা। কোনও স্টলে হাতে গোনা কয়েকজন মানুষ দরদাম করছেন। কালনার প্রদীপ ভৌমিক বলেন, ‘মেলা শুরুর পর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের ব্যবসা সমস্যায় পড়েছে। টুকটাক বিক্রি হচ্ছে।’ একই দাবি পূর্ব বর্ধমানের রাজা সাহার। তাঁর কথায়, ‘যতটা বিক্রির আশা ছিল সেই নিরিখে কম হয়েছে।’ কোচবিহারের সুরেন্দ্র রামের স্টলে সিল্ক, কটন, খাদির জামা ঝুলছে। ক্রেতা না থাকায় মুষড়ে পড়েছেন তিনি। আক্ষেপের সুরে বললেন, ‘ক’টা দিন একটু ভালো আবহাওয়া থাকলে কেনাবেচা ভালো হতো।’ 

Advertisement

এছাড়াও বিক্রেতাদের একটা অংশ বলছে, ‘যেহেতু এই মেলা এবার দু’বছরে পা দিল তাই অনেকে এখনও ওয়াকিবহাল নয়। কয়েক বছর গেলে মানুষ এর সঙ্গে পরিচিত হয়ে গেলে ভিড় হতে শুরু করবে।’ ‘তবে এই ধরনের মেলা খোলা মাঠে হলে আরও ভালো হতো’-কেউ কেউ এই মতও জানাচ্ছেন। তিন সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। ব্যবসায়ীদের আশা, শেষবেলায় কেনাকাটা কিছুটা বাড়বে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ