Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বলরামপুরে বেহাল ডাকবাংলো শিশু উদ্যান, ফের সংস্কারের দাবি

বলরামপুরের ডাকবাংলো শিশু উদ্যান পুনরায় সংস্কার করার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ওই শিশু উদ্যানে খেলার উপকরণ রাখারও দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

বলরামপুরে বেহাল ডাকবাংলো শিশু উদ্যান, ফের সংস্কারের দাবি
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: বলরামপুরের ডাকবাংলো শিশু উদ্যান পুনরায় সংস্কার করার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ওই শিশু উদ্যানে খেলার উপকরণ রাখারও দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও শিশু উদ্যানে কবে ফের শিশুরা খেলাধুলা করতে পারবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ সাল নাগাদ বলরামপুর ডাকবাংলো মাঠে শিশু উদ্যানটির সূচনা করেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত। শিশুদের খেলার সামগ্রী থেকে শুরু করে বসার জায়গা সহ অন্যান্য জিনিষপত্র থাকলেও বর্তমানে ওই উদ্যান শিশুদের যাওয়ার উপযুক্ত নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঝোপ জঙ্গলে ভর্তি, কোথাও আবার শিশু উদ্যানের বিভিন্ন সামগ্রী ভেঙে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা অনিমা দে বলেন, শিশু উদ্যানটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে স্থানীয়রা ভেতরে ঢুকে খেলার সুযোগ পেতো। কিন্তু বর্তমানে সেই সুযোগ নেই। শিশু উদ্যানটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। শিশুরা আসবে কী করে। আর এক বাসিন্দা প্রিয়ব্রত বক্সি বলেন, শিশু উদ্যান তৈরি হয়েছিল। স্থানীয় একটি ক্লাব পরিচালনা করত। শিশুরা খেলাধুলা করত। ক্যারাটের প্রশিক্ষণ হত। কিন্তু বর্তমানে অধিকাংশ সময় তালা বন্ধই থাকে। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দা হিসাবে প্রশাসনের উদ্যোগেই ওই উদ্যান চালানোর দাবি জানাচ্ছি। জনগনের করের টাকাতেই তো তৈরি হয়েছিল। কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসন কার্যত নির্বিকার। এবিষয়ে দ্রুত প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। রামপ্রসাদ গড়াই নামে আর এক বাসিন্দা বলেন, ২০১৭ সাল নাগাদ শিশু উদ্যানটি তৈরি হলেও এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘাস আবর্জনাতে ভর্তি। পুনরায় ওই উদ্যান সংস্কার করে আলো,শিশুদের খেলার সামগ্রী দিয়ে সাজিয়ে তোলার দাবি জানাচ্ছি। শিশুদের উপযোগী করে তুলতে হবে ওই উদ্যান। উত্তম পাল নামে আর এক বাসিন্দা বলেন, ঝোপ জঙ্গলে ভর্তি রয়েছে। কিছু যুবকের আড্ডা ছাড়া কোনও কাজই হয় না। শিশুদের খেলার সামগ্রীও রক্ষনাবেক্ষনের অভাবে ভেঙে গিয়েছে। স্থানীয় বাসিন্দা তথা আশিষ মুখোপাধ্যায় বলে, শিশু উদ্যানের দেওয়াল উঁচু করার পাশাপাশি গোটা উদ্যান চত্বর সাজিয়ে তোলা দরকার। সেই সঙ্গে যারা রক্ষনাবেক্ষন করবেন তাঁদেরও আরও দায়িত্বশীল হতে হবে। এবিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বলেন, ডাকবাংলো শিশু উদ্যানটি জেলা পরিষদের জায়গাতে রয়েছে। প্রশাসনিক আধিকারিক এবং জেলা পরিষদের সঙ্গে এবিষয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ