Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষুদিরাম যাওয়ার অটো ভাড়া ৪০ টাকা! দুর্ভোগ

দক্ষিণ শহরতলি থেকে লোকাল ট্রেনে নিউ গড়িয়া স্টেশন। তারপর মেট্রো ধরে কলকাতার বিভিন্ন এলাকায় যাওয়াই গত ১৫ বছরের অভ্যাস।

ক্ষুদিরাম যাওয়ার অটো ভাড়া ৪০ টাকা! দুর্ভোগ
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ শহরতলি থেকে লোকাল ট্রেনে নিউ গড়িয়া স্টেশন। তারপর মেট্রো ধরে কলকাতার বিভিন্ন এলাকায় যাওয়াই গত ১৫ বছরের অভ্যাস। সেই অভ্যাসে রীতিমতো ছেদ পড়ল। কারণ কবি সুভাষ মেট্রো স্টেশনের একদিকের ট্রেন চলাচল বন্ধ। মেট্রো জানিয়েছে, দক্ষিণেশ্বরগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হচ্ছে। 

Advertisement

বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে চলছে মেট্রো। নিত্যযাত্রীদের অনেকে সে খবর পেয়ে গিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানেন না। মঙ্গলবার বহু মানুষ নিউ গড়িয়া স্টেশনে নেমে দেখেন মেট্রো চলছে না। তাঁরা নিউ গড়িয়া স্টেশন থেকে বেরিয়ে দিশাহারা। কীভাবে যাবেন গন্তব্যে? তবে স্টেশনের সামনে দাঁড়িয়ে অটোচালকরা। সরাসরি ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নিয়ে যেতে ৪০ টাকা ভাড়া দাবি করছেন। তাঁরা বলেন, ‘এরকম কোনও রুট নেই। এই রুটটি সবে শুরু করা হয়েছে।’
ভাড়া বাঁচাতে অনেকে নিউ গড়িয়া থেকে অটোয় ১০ টাকা দিয়ে চলে যাচ্ছেন গড়িয়া স্টেশন। সেখান থেকে আবার অন্য অটোয় উঠে ১০ টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন শহিদ ক্ষুদিরাম মেট্রো। এ ক্ষেত্রে ২০ টাকাতে কাজ মিটে  যাচ্ছে।  কিন্তু শহরের বাইরে থেকে আসা বহু মানুষ এতকিছু জানেন না। তাঁরা ৪০ টাকাই গুনছেন। অনেকে মোটা টাকা ভাড়া বাঁচাতে হেঁটেও গিয়েছেন ক্ষুদিরাম। মল্লিকপুর থেকে এক প্রবীণ এসেছিলেন টালিগঞ্জ যাবেন বলে। ভেবেছিলেন মেট্রোয় যাবেন। তিনি বললেন, ‘কী করব বলুন? এরকম যে হবে তা তো ভাবিইনি। এখন অটোতে যাদবপুরে যাচ্ছি। সেখান থেকে টালিগঞ্জের অটো পাওয়া যাবে বলল। একগাদা টাকা খরচ। এত টাকা অটো ভাড়া দেওয়া সম্ভব?’ এভাবেই প্রচুর মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে। 
অন্যদিকে গড়িয়া স্টেশন থেকে নিউ গড়িয়া স্টেশনে যাওয়ার জন্য অটোয় উঠতে গেলে অনেক চালক অবশ্য বলে দিচ্ছেন, ‘মেট্রো ধরতে হলে শহিদ ক্ষুদিরাম চলে যান। এই অটোতে উঠবেন না। নিউ গড়িয়া থেকে মেট্রো বন্ধ।’ যাত্রীদের বক্তব্য, ‘মেট্রো স্টেশনে ঢোকার মুখে গেটে এই তথ্য দেওয়া রয়েছে। সে লেখা রাস্তার উপর থাকা মূল গেটে লিখে দিলে ভালো হয়।’ অনেকে অটোর ভরসায় না থেকে আরও বেশি ভাড়া গুনে রিকশয় যাচ্ছেন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। 
শহরতলির অফিসযাত্রীদের জন্য নিউ গড়িয়া মেট্রো এককথায় ‘লাইফলাইন’। অনেক নিত্যযাত্রীর কথায়, ‘কিছু করার নেই। আবার আগের মতো শিয়ালদহে নেমে বা বালিগঞ্জে নেমে বাস ধরতে হবে। দুঃখের দিন শুরু।’ এই মুহূর্তে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে শুধু রুবি মোড় পর্যন্ত মেট্রো চলছে। তবে তা এই অংশের যাত্রীদের খুব একটা উপকারে আসছে না বলে জানিয়েছেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ